এবার দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’



আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসব মাতিয়ে অবশেষে দেশের পর্দায় আসছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগিরই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। তিনি জানান, ‘সাবা’ এখন পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত। সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের শুরুতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

‘সাবা’ সিনেমায় উঠে এসেছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী গল্প। কেন্দ্রীয় চরিত্র সাবা, যার বাবা মারা গেছেন আর মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে বন্দি শিরিনের একমাত্র ভরসা তার মেয়ে সাবা। সংসারের দায়িত্ব ও মায়ের সেবায় ব্যস্ত সাবা নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি।

অর্থকষ্টে জর্জরিত এই মেয়েটি চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করার। কিন্তু হঠাৎ একদিন শিরিনের হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক জানান, জরুরি অপারেশন প্রয়োজন। তখন দিশেহারা সাবার কাঁধে ভেঙে পড়ে আকাশ।

‘সাবা’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রায় দুই দশক ধরে প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন, বিজ্ঞাপনচিত্র পরিচালনা করেছেন মাকসুদ। এখন তিনি ব্যস্ত নিজের দ্বিতীয় সিনেমা ‘বেবিমুন’-এর কাজ নিয়ে।

এর আগে মেহজাবীন বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম, প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না? তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই। যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারাজীবন মনে রাখবেন। যে ছবির মান, গল্পের গভীরতা— সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প, চরিত্র পেয়ে গেলাম।’

সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।

মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে। দর্শকদের কাছে মেহজাবীনের এই নতুন সিনেমা কতটা প্রশংসিত হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’র। এর পর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ অন্তত এক ডজন আন্তর্জাতিক উৎসবে। 

Comments

Popular posts from this blog