বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সাম্প্রতিক ‘বৃহত্তর ইসরায়েল’ মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ৩১টি আরব ও ইসলামি দেশ।
শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া, সিরিয়াসহ দেশগুলো এবং আরব লীগ, ওআইসি ও জিসিসি’র মহাসচিবরা একত্রিত হয়ে বলেছে, তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বলপ্রয়োগ বা দমননীতি কোনোভাবেই মেনে নেবে না।

বিবৃতিতে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ‘ই-ওয়ান সেটেলমেন্ট প্রকল্প’ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও সরাসরি নিন্দা জানানো হয়েছে। এ কার্যক্রমকে ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারে সরাসরি আঘাত হিসেবে অভিহিত করা হয়েছে।


তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের আলোকে দখলকৃত ভূমির জনসংখ্যাগত বা আইনি অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা অবৈধ। তারা সতর্ক করেছে, বসতি স্থাপন, ভূমি দখল, জোরপূর্বক উচ্ছেদ, শরণার্থী শিবির ধ্বংস এবং ধর্মীয় স্থানে হামলার পরিণতি ভয়াবহ হবে।

গাজা প্রসঙ্গে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল ও ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সাথে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে, যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্রের অধিকার নিশ্চিত করা যায়।

Comments

Popular posts from this blog