স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে যা করলেন স্বামী


বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা করেছেন শানু (২৬) নামে ভারতের উত্তর প্রদেশের এক নারী।

অভিযোগ, স্বামী তাকে নিয়মিত শারীরিকভাবে হেয় করতেন এবং বারবার বলতেন, তিনি যেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে হন।

গত সপ্তাহে গাজিয়াবাদের মুরাদনগরের ওই নারী থানায় গিয়ে অভিযোগ করেন। 

ওই নারী জানান, শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা, পণ দাবি ও অবশেষে জোর করে গর্ভপাত করানোর শিকার হয়েছেন তিনি। বর্তমানে তিনি বাবার বাড়িতে রয়েছেন এবং আদালতে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত ৬ মার্চ শিবম উজ্জ্বল নামে এক সরকারি বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে  শানুর বিয়ে হয়। বিয়েতে শানুর পরিবার ব্যয় করে প্রায় ৭৬ লাখ টাকা, যার মধ্যে ছিল ১৬ লাখ টাকার গহনা, ২৪ লাখ টাকার মাহিন্দ্রা স্করপিও গাড়ি ও নগদ ১০ লাখ টাকা। কিন্তু বিয়ের পর থেকেই শানুর জীবনে নেমে আসে দুঃস্বপ্ন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত নির্যাতন শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, শিবম প্রায়ই বলতেন যে তিনি নোরা ফাতেহির মতো স্ত্রী পেতে পারতেন। এজন্য শানুকে প্রতিদিন ৩ ঘণ্টা ব্যায়াম করানো হত। ব্যায়াম না করলে তাকে খাবার থেকে বঞ্চিত করা হত।

শানু বলেন, “আমার গড়পড়তা উচ্চতা ও ফর্সা গায়ের রঙ থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলা হত। স্বামী সারাদিন ইউটিউব-ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও দেখতেন।”


এ ছাড়া শানুকে কখনও ঘরের দরজা বন্ধ করতে দেওয়া হয়নি এবং তার শ্বশুড় তার ঘরে অবাধে যাতায়াত করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়,  গর্ভপাত করাতে শানুকে দইয়ে মশলা মিশিয়ে খাওয়ানো হয়েছিল। কয়েকদিন পর রক্তক্ষরণ শুরু হয় এবং হাসপাতালে ভর্তি হলে জানা যায় তার গর্ভপাত হয়ে গেছে।

এর পর গত ১৮ জুন অসুস্থ অবস্থায় শানুর বাবা-মা তাকে উদ্ধার করেন। এরপর শ্বশুরবাড়ির পক্ষ থেকে হুমকি ও তালাকের ভয়ে ২৬ জুলাই তিনি আবার শ্বশুরবাড়ি গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার গহনা-জামাকাপড় ফেরতও দেওয়া হয়নি। অবশেষে ১৪ আগস্ট শানু থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতন, গর্ভপাত ঘটানো, পণ দাবি, তালাকের হুমকি ও ব্ল্যাকমেলের বিষয়গুলো উল্লেখ করেছেন।

Comments

Popular posts from this blog